কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫টি ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় কালকিনি থানার এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন—পৌর এলাকার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নুরু করিম সরদার এবং লক্ষ্মীপুর ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মোঃ হাসান আল মামুন। তাদের বিরুদ্ধে মোট ৫টি মামলার ওয়ারেন্ট ছিল।
কালকিনি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ কোনো প্রকার আপস করবে না।