কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র আহত,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বি.এম.হানিফ,কালকিনি মাদারীপুর থেকে।
মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার (১২) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত রবিউল সরদার ওই এলাকার খোকন সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রবিউল স্থানীয় নয়ন হাওলাদারের বিল্ডিংয়ের ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এসময় তার ঘুড়িটি পাশের ১ লক্ষ ৩৩ হাজার ভোল্টেজের একটি বিদ্যুৎ টাওয়ারের তারে আটকে যায়। রবিউল ঘুড়িটি ছাড়ানোর চেষ্টা করলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির শরীরের বড় একটি অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।
বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।