কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়
বি.এম.হানিফ,কালকিনি
আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মামুন শিকদার ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১ জুন)দুপুরে কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী গোপালপুর হাটে এই গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে মামুন শিকদার গোপালপুর হাটের ব্যবসায়ী,স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সাথে উন্মুক্ত আলোচনা করেন এবং একটি আধুনিক পৌরসভা গঠনে জনগণের মূল্যবান মতামত শোনেন।
মতবিনিময়কালে মামুন শিকদার বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। সাধারণ মানুষের অধিকার আদায় ও জনকল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। আগামী পৌর নির্বাচনে আমি যদি জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন পাই, তবে কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বৈষম্যহীন ও শতভাগ জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”
এ সময় উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা হাটের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে তরুণ ও উচ্চশিক্ষিত এই প্রার্থীর প্রতি তাদের প্রত্যাশার কথা জানান। গণসংযোগ শেষে মামুন শিকদার হাটে আগত সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।