মাদারীপুরে ফের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, এলাকায় উত্তেজনা
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর পৌর শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার নতুন মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আলমগীর হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর আগে হাসান মুন্সির ভাই শাকিল মুন্সি প্রতিপক্ষের হামলায় নিহত হওয়ার পর থেকেই এলাকায় অস্থিরতা বিরাজ করছিল। সেই পুরনো শত্রুতার জের ধরেই মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালীন আলমগীর হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত রোববার রাতেও একই এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে ভয়াবহ সংঘর্ষ চলে। সে সময় অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
”সকালের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।”
বর্তমানে এলাকায় যৌথ বাহিনীর অভিযান ও পুলিশের সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি রাখছে।